Tuesday, February 23, 2016

আল ভার্সন-২

আল

দোআঁশ চাদর পেতে গমের জমিরা শুয়ে
রান্নায় উস্তাদ হয়ে ওঠা রোদ
পাছে পিঁপড়েরা খেয়ে যায় ধান
বুকের থেকে চুরি হয়ে যায় দুধ
পাছে পাইক ঘিরে নেয় প্রতিবর্গ ইঞ্চ ক্ষেত
মাঠ বিভক্ত হয়ে আছে ।

এই আমাদের আল
আমার বাবার হাতের এই কাটা নালি ,
তোমার বাবার হাতের তোলা এই মাটি
বৈধতার সমস্ত প্রশ্ন পায়ে পায়ে থেঁতলে
আজকের হাটা এই পথ

অতঃপর
আউসের উস্কানি আসে,
শুড়শুড়িয়ে লাঙল পালটিয়ে নেয় কাঁধ
গভীর নলকুপের থেকে এক আঁজলা পিয়াসী জল সেচ
জমিকে দেশদ্রোহী করে তোলে
ঝুরঝুরে কালচে এটেল বুকে নিয়ে
আল ভেঙ্গে পড়ে

কেন ভেঙ্গে যায় মাটি ?
নাকি আলের ভাঙ্গনই একমাত্র খাঁটি ?

এটুকুই জানি
সেচের জলের কিছুটা গড়িয়ে যাবে আরও দক্ষিনে
দক্ষিন পার করে চলে যাবে সেদিকে
জাতীয় সড়ক


No comments:

Post a Comment