Tuesday, August 28, 2018

মেজাজ


মেজাজ


মেজাজই যদি থাকলো না তো কিসের বিড়ি ?
যে তপ্ত বাতাস বয়ে যায় নিজস্ব ভূমিকায়
তাকে আর কি দিয়ে শেখাবে পার্টিবাজী
বাজার দখলের খেলা, জমির পাট্টা
ও কবুলিয়ত
মাপ আর কাঠি নিয়ে
শুধু ধোঁয়া আর কার্বনডাই অক্সাইড দিয়ে
এই আবদ্ধ চোঙ আর নালি পথে
শুধু শুধু আগুন নিষ্ঠ কেন করেন ?
নিজের চৌহদ্দি মাপুন মিত্র-বাবু মশায়


নাকি
ভান করছেন একজন পাক্কা ধূম্র ব্যবসায়ীর
বোঝাতে চাইছেন , সুখটানে সুখ আছে আর
দুখটানে দুঃখ
টানে টানে চোখ মুদে সটান স্বর্গ

কী কী খেয়ে চলেছেন
যার নেই কোন কাঠ নেই, কারু নেই
নেই অচেনা দারুর ঝাঁজ
এই সব কেরামতি নিয়ে কিরকিরে
হয়ে গেছে হাট বাজার, মুদীখানা, হল্ট স্টেশন,
ম্যাদা হয়ে পড়ে আছে তিতাস, তারক !


আগুন নিভে আসছে,
আগুনে পিছুটান
মেজাজ নিভে আসছে, বিড়ির মেজাজ ।

No comments:

Post a Comment