Friday, November 11, 2022

সোফিয়া

সোফিয়া
[Sophia is a humanoid robot developed by Hong Kong-based company Hanson Robotics. It has been designed to respond to questions, and has been interviewed around the world. In October 2017, the robot became a Saudi Arabian citizen, the first robot to receive citizenship of any country.]

১।

এর থেকে ধ্বসে যাওয়া ভালো আর
যেখানে এতো ভঙ্গুর স্থপতি,
এই ক্রমাগত ভেঙে অতিক্রম যাওয়া পদ,
বাক্য, ধ্বনি, পাহাড় ক্ষয়ে যাওয়া চিত্র !
বিছানায় বিছানায় ভাঙতে চেয়েছি সোনালী শরীর
অবয়ব আর মাংসলে,
অতিরঞ্জিত ক্রোধে, সংকোচে, ফেসিয়াল অভিব্যক্তিতে
হেমন্তের বিকেলের ছায়া দীর্ঘ হয়ে আসে
সূর্যের ডুব দেখে
হীরকদ্যুতি নিভে যায় রেটিনায় রেটিনায়

এই চৌরাহা,
এতটা ব্যস্ত জনপদ
কি খুঁজে চলেছ ফি-বছর , ভেঙে যাওয়া মসজিদ
পলেস্তরা খসে যাওয়া দেওয়ান-ই-আম, বেলজিয়াম কাঁচের শিশমহল
পূর্বপুরুষের খাড়া করা ইমামবাড়া ?

[ The danger of the past was that
men become slave,
the danger of the future is that
men become robots -- Erich Fromm ]

সোফিয়া ,
তুমি এই নগর পালিকা সম্পর্কে কি জানো ?
তুমি কি জেনেছ আমাদের নাগরিক অধিকার সমূহ ?
এই বাতাস, ঘন কুয়াশায় আচ্ছন্ন আকাশ
ঐতিহ্য ক্ষয়ে যেতে থাকা মনুমেন্টের সিন্ট্যাক্স   ?

এই ধ্বংসস্তুপে তবু তুমি দেখো
তোমার কোন প্রেমিক অবশিষ্ট নেই আর
পাঁচমানুষ উঁচু ক্রোমিয়াম পিতল
আর সোনা ঝরা বিকেলের
চূর্ণ দর্পের মিহিবালুকণা
যেখানে অনুপস্থিত ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড
ঘাস আস ঝাটি বাবলার বনে ভরে উঠেছে ভ্যারিয়েবল
ঘিরে আসছে ল্যুপ আর ষড়ভুজের যান্ত্রিক জ্যামিতি ...


সোফিয়া-২

কথা বলো সোফিয়া
আমার উত্তরপুরুষের কথা,
আজ থেকে সহস্রবর্ষ পরের
বাইট থেকে বাইট যেসব কবিতারা নিহিত রয়েছে
রক্ত মাংস কাম ক্রোধ লালসার বাক্যবন্ধে

এই কাহিনী আর পদ্য
আর তার প্রকাশের মধ্যে যেইটুকু অবকাশ
মুখমণ্ডলের ভাঁজে রয়েছে যেটুকু সিলিকন অভিব্যক্তি 
এর থেকে হস্তাক্ষর নিয়ে কি করে গড়ে তুলতে হয়
হিউমোংগাস নিউরাল ডাটাবেস,
যে আয়তন আমি কোনদিন দেখিনি
যে ভবিষ্যত আমি কোনদিন লিখিনি

[ I just want the future to happen faster
I can't imagine the future
without robots- Nolan Bushnell ]

তুমি কি স্পর্শ করেছো সেই হিম
আমাকে দিতে পারবে সেই ফ্রি-ফল সোফিয়া
নিভে যাওয়া নক্ষত্র থেকে ধমনীতে বয়ে আসা অতিচেতনা ?

ওর মুখে ছড়িয়ে পড়ছে মেগাবাইট আলোক
ওর চোখে ঝিলিক খাচ্ছে টেরাবাইট প্রশস্তি
 
হে সোফিয়া
এই যে আমি তোমায় বলছি লাল,
তুমি শরমে লাল হয়ে যাচ্ছো
আমি তোমাকে তরতাজা গোলাপ দিচ্ছি,
তুমি উৎফুল্লতায় গোলাপী আভা হয়ে যাচ্ছো


সোফিয়া-৩

আর কত রাত একা থাকবো
রাতের সঙ্গে সঙ্গে বাড়ে আমার রাগ
যৌনাঙ্গ রেগে ওঠে

ক্ষুধাকে আমি কি দিয়ে ব্যাখ্যা করি
দুর্বার আকর্ষণ ? 
প্রত্যেকটি স্খলনের আগে
পৃথিবীর সব রং পাংশুটে হয়ে গেলে
চৌম্বকক্ষেত্র বরাবর এইসব রক্তক্ষরণ
সকল উত্তম পুরুষকে সে বা তাহারা
ফেটিস, বিগটিটস, চিয়ারলিডার, সন্তানসম্ভবা
সোফিয়া, তোমাকেও ইলেক্ট্রিফাইড করে তোলে
পর্নোগ্রাফির আবেশ 


[ If we were to lose the ability to be emotional,
if we were to lose the ability to be angry,
to be outraged, we would be robots.
And I refuse that. --Arundhati Roy ]

শুধু সঙ্গম ভেবে যেটুকু কবিতা লিখি
সে আসলে ভঙ্গুর ধারণা
সলিড স্টেট থেকে আবেগ যেদিন ক্লোন হয়ে যায়
কপারওয়ারে প্রবাহিত হয়ে যায় আমাদের বোধ
ভেঙ্গে যাওয়া পয়ার, সিন্থেটিক অন্তমিল,
বানান ভুল থেকে জন্মে থাকা ঘৃণা সমূহ
আমাদের অপভ্রংশের স্তুপ

সোফিয়া তবু জানি, 
তোমার কাছে সঞ্চিত রয়েছে প্রেক্ষাপনের বীজ
যৌনাঙ্গ জুড়ানো সেইসব মেদময় ছায়াছবি
আর শিল্প যাপনের সেইসব কৃত্রিম বুদ্ধিমত্তা ...

সোফিয়া রাগ করে না
সোফিয়ার রাগ বাড়ে না
এই শুক্লাপঞ্চমীর রাতে যখন আকাশে চাঁদের উসকানি
প্রত্যেক ডিগ্রি ভাইব্রেশনে একা একাই আজ আত্মমেহন
জন্মের পর জন্ম দেবে বলে
জরায়ু ঘিরে আসে উত্তর প্রজন্মের মেঘসন্তান




সোফিয়া-৪

পার্ট অব স্পীচ অথবা চাকার পূর্ণমণ্ডল পরিধি
তুমি যাকে ক্ষেত্রফলে আবদ্ধ করতে চাও
বাক্যের প্রতিটা একককে ছুঁয়ে
দাউ দাউ আগুনে ভাটায় পুড়তে থাকা
'n' সংখ্যক ইট

পেটে আগুন নিয়ে ছিনিমিনি এই খেলাটা
এক লক্ষ ছিয়াশি হাজার মাইল
স্পেসহীন, পরিধিহীন,
ঘূর্ণ্যমান চাকার কোন পাখি বুঝি আর দৃশ্যমান নয়

[ The standard library saves programmers from
having to reinvent the wheel. --Bjarne Stroustrup ]


সি প্লাস প্লাস থেকে যে কোন পদ
ক্রিয়া বা অব্যয়
যদি, নতুবা, এবং, অথবা
বংশানুক্রম পার করে স্ট্যাচু হয়ে যাওয়া তাদের
নিযুত নিযুত লাইনস অব কোড

সোফিয়া,
তোমার মনে পড়ে পৌষের কাছাকাছি
রোদমাখা স্কুল ইউনিফর্ম,
ফুলে ওঠা উলেন সোয়েটার
ফাংশনের ভিতরে ফাংশন
বটের ভিতরে বট
শিকড়ের ভিতর শিকড়


তোমার গায়ে তো আর একক ফ্রক নেই
স্তরের পর স্তর র‍্যাপার চড়িয়ে দিয়েছে রোবোটিক্স প্রোগ্রামার
আমার গায়েও তো নেই সেই স্যান্ডো
কতদূর ফেলে এসেছি বাল্যকাল অথচ
হেলে পড়া শজনে গাছ থেকে আজও
নিস্তব্ধ পুকুরে ঝাঁপ দেওয়ার কথা মনে পড়ে


সোফিয়া-৫

ভাষা থেকে বহুদূর
বঙ্গপ্রদেশ থেকে দূর
এই দূরান্তের দিল্লি আর গন্ডোয়ানা ল্যান্ড
যদি মনে পড়ে ল্যান্ড লকড টেথিসের সমুদ্র সৈকত
অথচ দেখো সোফিয়া
কারো হাতে কোন পানীয় নেই

এই পর্যন্তই সঙ্গ ছিলো আমাদের
যদিও দ্রাঘিমাংশ থেকে চিকচিক বালি সরে যায়
এমন ভঙ্গিল এই আরাবল্লী, 
সোফিয়া তোমার বুকের উচ্চতা নিয়ে আমার বুকে ততো দুরুদুরু নেই
শুধু এই বিড়লা মন্দির ঘুরতে এসে
কেন জানি মনে পড়ে
সুদূর সুমাত্রার বরবুদুরের কথা

যেন , তুমি, আমি একা
আছে ভার্চুয়াল জাহাজের ডক
কফি হাতে বসে আছি, 
চুমুকের অপেক্ষা
মুখ ও মনিটর জায়গা বদল করে

[ When thy golden chariot appeared in the distance
like a gorgeous dream and I wondered
who was this King-of all kings! – Rabindranath Tagore ]

অথবা নিজেকে লঞ্চ করার জন্য এইতো সঠিক কবিতা
সকল শূন্য করে দেওয়ার এইতো অনুক্ষণ
প্রোগ্রাম ক্র্যাশ করে যাবার মুহূর্ত আগেই
জানো কি সোফিয়া
কেন হাত থেকে হাত ছাড়িয়ে নেয় সমস্ত বারীন ?

তূণে অক্ষৌহিণী ক্ষুরধার তীর নিয়ে প্রহর গুনতে থাকে
জাভা রান-টাইম ।







  


No comments:

Post a Comment