রোদ পড়ছে
ঢাকনাটা উপুড় আমার মুখের উপর
বাঁশখুটি ভেঙ্গে ঝুলে পড়ে বুঝি,
হঠাৎ হঠাৎ চমক চুন্নীতে রক্ত,
দুপায়ে শির শির লাগে
ফাটল গুলো পরিষ্কার, চৌচির ফাঁক
আর দেখো
এই আর্দ্রতা কারো পথ চেয়ে পড়ে থাকে
মাথার উপর ছাদ ভাঙ্গছে
এই খানে পাতা আছে ভেজা অক্ষর
এই খানে স্যাঁতস্যাঁতে কবিতা রাখা আছে
রোদ পড়ছে
কবিতা পাঠের আওয়াজ আসছে,
সোনালী শব্দের ঘন্টা খিল খিলিয়ে উড়ে যাচ্ছে স্বর্গে
আর ইতিহাসে চলে যাচ্ছে বিবর্ণ কবিতারা
অন্দরমহল থেকে হেঁটে আসা অন্ধকার
অপক্ক কর্দমের মেহেক
রোদ পড়ছে
আর রোমাঞ্চে ভরে উঠছে বীজ ক্ষেত,
আনাচ , কানাচ
আরো সবুজে ভরে যাচ্ছে
প্রতিবেশী খামার ।
No comments:
Post a Comment